মেসিদের মিরাকল, না ফের এমবাপে-তাণ্ডব?

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:০১

টিকে থাকার লড়াই লিভারপুলের

 স্পোর্টস ডেস্ক

পিএসজিকে ৬-১ ব্যবধানে হারিয়েই ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে মনে রাখার মতো একটি কামব্যাক করেছিল লিওনেল মেসির বার্সেলোনা। আজ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আবারও ঐরকম এক মিরাকলের প্রত্যাশা নিয়েই পিএসজির মাঠে নামবে মেসিরা। আর প্রতিপক্ষ কিলিয়ান এমবাপেরা হয়তো আশা করবেন এবার ঘরের মাঠেও প্রথম লেগের পুনরাবৃত্তি করতে। দিনের অন্য ম্যাচে বুদাপেস্টে রেডবুল লাইপজিগের মুখোমুখি হবে লিভারপুল।

গত মাসে পিএসজির কাছে ধরাশায়ী হওয়ার পর থেকেই ভালো খেলছে বার্সা। ঐ পরাজয়ের পর পাঁচ ম্যাচ ধরে অপরাজিত আছে রোনাল্ড কোম্যানের দল। এরই মধ্যে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের সেমির দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতে দুরন্ত এক কামব্যাক করেছে মেসিরা। টিকিট কেটেছে ফাইনালের। আর লিগ টেবিলেও চলে এসেছে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর তিন পয়েন্টের ব্যবধানে। কিন্তু এরপরও প্রতিপক্ষ মাঠে ৪/৫ বা তারচেয়ে বেশি গোল করে জেতাটা এই বার্সার জন্য বেশিই হয়ে যায়। আর প্রতিপক্ষ ম্যানেজার যখন মউরিসিও পচেত্তিনোর মতো দক্ষ ও অভিজ্ঞ একজন ফুটবলবোদ্ধা এবং তার দলে যখন এমবাপের মতো অস্ত্র থাকে একটি, তখন ব্যাপারটা প্রায় অসম্ভবই হয়ে যায়।

করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোয়ারেন্টাইন সংক্রান্ত জটিলতার জন্য লিভারপুল ও লাইপজিগের মধ্যকার শেষ ষোলোর দ্বিতীয় লেগটিও অনুষ্ঠিত হবে বুদাপেস্টের পুসকাস এরিনায়। ঘরের মাঠে নিজেদের সাম্প্র্রতিক ভরাডুবির কথা ভেবে এই সিদ্ধান্তকে হয়তো স্বাগতই জানাবে য়ুর্গেন ক্লপের দল। লিগ শিরোপা এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে, আর শীর্ষ চারও অনেকটাই অনিশ্চিত হয়ে যাওয়া লিভারপুলের জন্য সবচেয়ে বড় লড়াই এখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাই। ঘরোয়া ফুটবলে নিজেদের দুর্দশাকে ভুলে গিয়ে আজ প্রথম লেগের ২-০ গোলের লিডকে রক্ষা করতে হবে অলরেডদের। সেটাও একেবারে সহজ হবে না। লিগে টানা ৬ ম্যাচ জিতে বুদাপেস্টে পা রাখা লাইপজিগ এই ম্যাচে লিভারপুল ও ক্লপের অভিজ্ঞতাকে অবজ্ঞা করে কামব্যাক করে ফেললেও সেটা অভাবনীয় হবে না। এই ম্যাচে ড্র করলে বা এক গোলের ব্যবধানে হারলেই কোয়ার্টারে উঠে যাবে লিভারপুল।

হেড-টু-হেড

পিএসজি ৩

বার্সা ৪

লিভারপুল ১

লাইপজিগ ০