আটালান্টাকে হারিয়ে আরো এগিয়ে ইন্টার

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:০১

স্পোর্টস ডেস্ক

ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারের একমাত্র গোলে গত সোমবার আটালান্টাকে হারিয়ে সিরি আ’র শীর্ষে ছয় পয়েন্টের ব্যবধান তৈরি করেছে অ্যান্থনিয়ো কন্তের ইন্টার মিলান। ওদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। ম্যাচ শেষে এই জয়ের জন্য স্বদেশি স্ট্রাইকার কাই হাভার্টজকে কৃতিত্ব দিয়েছেন টুখেল।   

ঘরের মাঠ সান সিরোতে ইন্টারের আক্রমণভাগ গত সোমবার অপেক্ষাকৃত নীরব ৯০ মিনিট পার করেছে। আর আটালান্টার আক্রমণভাগ ছন্দে থাকলেও ইন্টার গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচকে পরাস্থ করতে পারেনি পুরো ম্যাচে একবারও। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে কর্নার থেকে পাওয়া এক বল নিয়ে করা ইন্টার সেন্টার-ব্যাক মিলান স্ক্রিনিয়ার গোলটিই তাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আটালান্টার কাছ থেকে ৩ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে পারায় তাই বেশ উচ্ছ্বসিত ইন্টার ম্যানেজার কন্তে, ‘আমরা এমন এক আটালান্টা দলের সঙ্গে খেলেছি, যারা বড় ক্লাবগুলোর কাছ থেকে পয়েন্ট নেয় নিয়মিত। পূর্বেও আমাদের বিপক্ষে খেলার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তারা। কারণ তারা জানে আমাদের সাথে খেলাটা কঠিন হবে। এই ম্যাচে খুবই দুর্দান্ত এক দলের কাছ থেকে ৩ পয়েন্ট নিয়েছি আমরা।’