গাজীপুরে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিপ্লব হোসেন নামে ১৪ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সদর উপজেলার পিরুজালি গ্রামের বকচরপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত বিপ্লব একই গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। জয়দেবপুর থানার ওসি মামুন-অর-রশিদ জানান, বিপ্লব সোমবার রাতে পার্শ্ববর্তী মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিপ্লবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।