চেলসি ইএফএল কাপের সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। টটেনহ্যাম আগের লেগে নিজেদের মাঠ ওয়েম্বলিতে এক গোলের জয় নিয়ে এগিয়ে ছিল। কিন্তু চেলসির মাঠে দ্বিতীয় লেগে স্বাগতিকদের হয়ে এনগোলো কান্তে এবং এডেন হ্যাজার্ড লক্ষ্যভেদ করলে দৃশ্যপট বদলে যায়। ড্যানি রোজের ক্রসে মাথা ছুঁইয়ে চেলসির জালে বল জড়িয়ে ফরোয়ার্ড ফার্নান্দো লরেন্তে সফরকারী টটেনহ্যামকে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়েও সমতা টিকে থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে টটেনহ্যামের এরিক ডায়ার এবং লকাস মৌরা গোল করতে ব্যর্থ হলে বিদায়ঘন্টা বেজে যায় তাদের।
