মিয়ানমারে নিরাপত্তা হেফাজতে আরো এক এনএলডি কর্মকর্তার মৃত্যু পাঁচ গণমাধ্যমের লাইসেন্স বাতিল

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:৫৪

মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল এনএলডির আরেক কর্মকর্তা পুলিশি হেফাজতে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে ইয়াংগনে বিক্ষোভের সময় পুলিশ ‍তাকে আটক করেছিল। মারা যাওয়া কর্মকর্তার নাম জউ মায়াত লিন। এ নিয়ে পুলিশি হেফাজতে এনএলডির দুই কর্মীর মৃত্যু হলো। এদিকে মিয়ানমারের সেনা সরকার স্থানীয় পাঁচটি গণমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের স্বাধীন প্রচার বন্ধের অংশ হিসেবে জান্তা সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে পাঁচটি গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো হলো- মিজিমা, ভয়েস অব বার্মা (ডিভিবি), খিত-থিত মিডিয়া, মিয়ানমার নাউ এবং সেভেন ডে নিউজ। এসব গণমাধ্যমগুলোর অফিস বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। -রয়টার্স ও দ্য গার্ডিয়ান