ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল-২০২০ উপলক্ষে পর্দা উঠলো 'ওআইসি নলেজ মাস্টার' প্রতিযোগিতার। গত মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে ওআইসি নলেজ মাস্টার প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এ প্রতিযোগিতা সমগ্র বিশ্বের তরুণদেরকে আমাদের দেশ, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করোনাকালে দেশে ও বিদেশে যুবকদের জন্য অনেক উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। আজকের এই ওআইসি নলেজ মাস্টার প্রতিযোগিতাটি এ বছরের অন্যতম বৃহৎ আয়োজন।
ওআইসির সদস্য দেশগুলো এবং এর বাইরের মুসলিম কমিউনিটির যুবকরা 'ওআইসি নলেজ মাস্টার' কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি দুই স্তরে অনুষ্ঠিত হবে, আঞ্চলিক ও আন্তর্জাতিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে প্রতিযোগিতার মূল মঞ্চের জন্য শতাধিক অংশগ্রহণকারীকে বাছাই করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি
