আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি প্রক্রিয়ায় আবার মুখোমুখি হয়েছে ভারত ও চীন। গত বেশকিছু বছর ধরে আফ্রিকার দেশগুলোতে প্রভাব বাড়িয়ে চলছিল চীন। অর্থনৈতিক ও বাণিজ্যিক তো বটেই, সামরিক ক্ষেত্রেও চীনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আফ্রিকার অধিকাংশ দেশের। ভারত তো বটেই, যুক্তরাষ্ট্রও প্রভাব বৃদ্ধির এই খেলায় অনেকটাই চীনের চেয়ে পিছিয়ে পড়েছিল। কিন্তু একটি সামরিক মহড়ার সামপ্রতিক ঘোষণা হঠাত্ বেইজিংকে চাপে ফেলেছে। আফ্রিকা মহাদেশের ১২টি দেশকে নিয়ে মহারাষ্ট্রে বিরাট সামরিক মহড়ার আয়োজন করছে নয়াদিল্লি। মহারাষ্ট্রের পুনেতে মহড়াটি আয়োজিত হচ্ছে। ঔন্ধ মিলিটারি স্টেশনে ১২টি দেশের সেনাবাহিনীর সঙ্গে মহড়া দেবে ভারতীয় বাহিনী। মহড়াটি আগামী ১৮ মার্চ শুরু হয়ে ১০ দিন চলবে। খবর আনন্দবাজার পত্রিকা
নয়াদিল্লি সূত্রের খবর, নাইজেরিয়া, মিসর, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সেনেগাল, তানজানিয়া, জাম্বিয়া, নামিবিয়া, মোজাম্বিক, উগান্ডা— এই ১২টি দেশের সশস্ত্রবাহিনী ভারতীয় সেনার সঙ্গে মহড়া দিতে মহারাষ্ট্রে আসছে। ভারতের সঙ্গে এই ১২ দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে দুই দফা সম্মেলন করেছেন। কীভাবে এবং কোন কোন বিষয়ে মহড়া হবে, ওই দুই দফা সম্মেলনেই তা নির্ধারিত হয়েছে।
ভারত ও আফ্রিকার দেশগুলো সন্ত্রাস বিরোধী অভিযানের মহড়া দেবে। জাতিসংঘের শান্তি বাহিনীর অংশ হিসেবে ভারত বহু বছর ধরে আফ্রিকার গৃহযুদ্ধ দীর্ণ দেশগুলোতে যে শান্তিরক্ষায় কাজ করে আসছে, তার মহড়াও পুনেতে হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়। সূত্র জানিয়েছে, সমন্বয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। অবশ্য এই মহড়াকে সহজভাবে নেওয়ার কোনও উপায়ই চীনের নেই বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানিয়েছেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রভাবশালী হয়ে ওঠার লক্ষ্যেই আফ্রিকার দিকে বিশেষ করে নজর দিয়েছিল চীন। গত বেশকিছু বছর ধরে আফ্রিকার দেশগুলোর সঙ্গে তারা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক চুক্তি করেছে। যার ফলে অনেকগুলো আফ্রিকান দেশের বাজারই এখন চীনের দখলে। ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ‘হর্ন অব আফ্রিকা’য় (জিবুটি) চীন পুরোপুরি সামরিক ঘাঁটিও বানিয়ে ফেলেছে। দীর্ঘ দিন ধরে আফ্রিকার উপরে যেভাবে প্রভাব বাড়িয়েছে চীন, ভারত তাতে ভাগ বসাক— এমনটা বেইজিং কিছুতেই চাইবে না। তাই আফ্রিকা মহাদেশেরই ১২টি দেশ একযোগে ভারতের নেতৃত্বে সামরিক মহড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বেইজিংয়ের অস্বস্তি ক্রমশ বাড়ছে।
জিবুটির চিনা সামরিক ঘাঁটির পাল্টা হিসেবে আরব সাগরের বুকে সেশ্যেলসের অ্যাসাম্পশন আইল্যান্ডে সামরিক ঘাঁটি তৈরির কাজ শুরু করেছে ভারত। তখন থেকেই চীনের অস্বস্তি বাড়ছে শুরু করেছে। এবার আফ্রিকার ১২টি দেশ ভারতের সঙ্গে আরও মজবুত সামরিক সম্পর্ক গড়ে তোলার যে সিদ্ধান্ত নিল, তা চীনের পছন্দ হবে— এমনটা ভাবার কোনও কারণই নেই বলছে কূটনীতিক মহল।
