সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করায় ১০ দিনে ১৩৭ জন জেলের জেল ও জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে এক হাজার ৯৫২ কেজি ইলিশ ও দুই লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও ৪৩ টি অবৈধ বেহুন্দি জাল, ১৫ টি চর ঘেরা ও ২২ টি মশুরি জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ মার্চ থেকে ১০ মার্চ বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৯৪ জন জেলেকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৩ জনের কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ট্রলার ও নৌকা নিলামে বিক্রি করে এক লাখ ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগ কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নিষেধাজ্ঞার সময় ভোলার সাত উপজেলায় এক লাখ ৩৯ হাজার ৩৮ জেলের মধ্যে ৭৮ হাজার তালিকাভুক্ত জেলেকে ৪০ কেজি করে ৪ মাস খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার মেঘনা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ১৯০ কিলো মিটার এলাকা ইলিশের আভয়াশ্রম হওয়ায় সব ধরনের মাছ শিকার, মজুদ, বাজারজাত, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
ইত্তেফাক/এসসিএস
