গলাচিপায় মাদরাসা ছাত্রী অপহরণ, আটক ২

আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:১৯

গলাচিপায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে লিমন বেপারী(২৩) ও রুবেল হোসেন(২৫) নামে দুই যুবককে মঙ্গলবার (৯ মার্চ) রাতে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য বুধবার (১০ মার্চ) গলাচিপা আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা শাহজাহান হাওলাদার মঙ্গলবার গলাচিপা থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদারের মেয়ে মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী উর্মি আক্তারকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচরাই গ্রামের বাসিন্দা লিটন বেপারীর ছেলে লিমন বেপারী ও গলাচিপা সদর ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে রুবেল হেসেন গত ৬ মার্চ রাতে গজালিয়া গ্রামের বাড়ি থেকে উর্মি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়।  

এ ঘটনায় মঙ্গলবার গলাচিপা থানায় লিমন ও রুবেলকে আসামি করে অপহরণ মামলা করা হয়। ওই রাতেই (মঙ্গলবার) গলাচিপা থানা পুলিশ অভিযুক্ত লিমন ও রুবেলকে গ্রেফতার করে। অভিযুক্তদের গ্রেফতার করে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার হোসেন বলেন, মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ছাত্রীকেও উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার পর ২২ ধারায় জবানবন্দির জন্য গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।


ইত্তেফাক/এসসিএস