জ্যাঁ ক্যুয়ে’কে নিয়ে ফাখরুল আরেফীনের নতুন ছবি

আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:৫৪

১৯৭১ সালের ৩ ডিসেম্বর। অর্লি বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চলছে সাজসাজ রব। কারণ সেদিন ফ্রান্সে আসছেন জার্মান ভাইস চ্যান্সেলর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে যে শীতল অবস্থা চলছিল তার পরিসমাপ্তি ঘটবে এই সফরেই। এমন সময় বিমানবন্দরের বাইরে একটা ট্যাক্সি থেকে নামেন দীর্ঘকায় এক যুবক। পরনে নীল জ্যাকেট, পিঠে ব্যাকপ্যাক। রানওয়েতে পাকিস্তান ইন্টারন্যশনাল এয়ারওয়েজের (পিআইএ) একটা বোয়িং-৭১১ বিমান দাঁড়ানো; কিছুক্ষণ পরেই আকাশে উড়বে সেটি। ঘড়িতে সময় তখন সাড়ে এগারোটার কাঁটা অতিক্রম করেছে। এমন সময় সিঁড়ি বেয়ে বিমানে উঠতে দেখা গেল সেই তরুণ জ্যাঁ ক্যুয়েকে। এরপর এয়ারপোর্টের রেডিও বার্তায় একটা মেসেজ এসেছে, সেটা খুলেই চোখ কপালে উঠলো রিসিভারের সামনে বসে থাকা অপারেটরের। বার্তায় লেখা—‘এই বিমানটা আমি ছিনতাই করেছি, আমার কথা না শুনলে পুরো বিমান উড়িয়ে দেওয়া হবে। আমার ব্যাগে বোমা আছে!’ কয়েক মিনিটের মধ্যেই রেড এলার্ট জারি করা হলো এয়ারপোর্টে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ততক্ষণে যোগাযোগ করতে সক্ষম হয়েছে জ্যাঁ ক্যুয়ের সঙ্গে। কী চায় সে, কেন বিমানে বোমা নিয়ে উঠেছে, কী তার উদ্দেশ্য? জবাব এলো, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিশ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা—এমন একজন স্বাধীনতাকামী ব্যক্তি ও সত্যি ঘটনা অবলম্বনে এবার বাংলাদেশে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘জেকে ১৯৭১’। এটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। ছবিটির চিত্রনাট্য করছেন মাসুম রেজা। এতে থাকছে একটি মাত্র গান। ইংরেজিতে রচিত এই গানটি লিখেছেন ও গেয়েছেন সোলস ব্যান্ডের নাসিম আলী খান। আর পুরো ছবিটির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন পার্থ বড়ুয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন এই নির্মাতা। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, সংগীতশিল্পী নাসিম আলী খান, অভিনেত্রী ত্রপা মজুমদার, অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজানসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে ফাখরুল জানান, এই ছবিতে জ্যাঁ ক্যুয়ে চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। আর বিমানের পাইলটের ভূমিকায় অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। তিনি বলেন, ‘১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাঁ ক্যুয়ে পাকিস্তানের বিমানটি ছিনতাই করেছিলেন। সেদিন এই ক্যুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন; কী ঘটেছিল বিমানের ভেতরে—পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে ধরতে চাই।’

জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি কলকাতার দুর্গাপুরের বিমানবন্দরে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। চলতি বছরের ৩ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়া হবে।