দীর্ঘ এক বছর পর কনসার্টে ফিরছেন তারকা কণ্ঠশিল্পী নগরবাউল জেমস। এই মার্চ থেকে বেশকিছু কনসার্ট করবেন এই রকস্টার। তবে সবকিছুকে ছাপিয়ে ক্লাসরুম এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে ব্যান্ড নগরবাউল জেমসের অংশগ্রহণের খবরে শোবিজ অঙ্গন মুখরিত। এটি রাজধানীর মিরপুরে ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ১২ মার্চ।
কনসার্টে ফেরা নিয়ে জেমস বলেন, ‘করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।’
মূলত ক্লাসরুম এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট দিয়ে শুরু হতে যাচ্ছে জেমসের নতুন যাত্রা।
কনসার্টটির আয়োজকরা জানান, ‘আমাদের সবার প্রিয় নগরবাউল জেমস। আমরা যার গান শুনে আনন্দ-ভাবনার সাগরে হারিয়ে যাই। সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।’
এদিকে নগরবাউল জেমস ছাড়াও স্টেজ মাতাবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।
