ঈদে আসছে সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:০১

এদেশের গুণী নির্মাতা সাদেক সিদ্দিকী এরইমধ্যে নিজের ক্যারিয়ারে যোগ করেছেন বেশকিছু গল্প নির্ভর ছবি। তার নির্মাণশৈলীর পাশাপাশি ছবিগুলোও দারুণ প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’। সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে জুটি বেঁধেছেন এক সময়ের জনপ্রিয় জুটি-আমিন খান ও পপি। সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার এই ছবিটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের চারপাশে যে ধরনের গল্প নিয়মিত আমরা দেখছি সেই গল্পই আমি ছবিটিতে তুলে ধরার চেষ্টা করেছি। উপরে সবাই ভালোর মুখোশ পড়ে থাকি, কিন্তু ভেতরের রূপটা ভিন্নরকম। ছবিটির পুরো সময়ই অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাটক দেখতে পাবেন দর্শকরা। আমিন খান ও পপিকে একটু ভিন্নরূপে তুলে ধরার পাশাপাশি ওপেন সিক্রেট একটি গল্প বলতে চেয়েছি ছবিটিতে। শুরুতে আমিন খানকে নায়ক মনে করলেও শেষে ভিলেন হিসেবে তাকে আবিষ্কার করবে দর্শকরা। এছাড়া বিয়ের রাতে নায়িকার সঙ্গে বিচ্ছেদও একটি বড় ক্লাইমেক্স ছবিটির।’

ছবিটির নামের মতো ভেতরেও অ্যাটক থাকছে। কিন্তু গল্প নির্ভর ছবির নির্মাতা হটাত্ কেন ডাইরেক্ট অ্যাটাকের মতো বাণিজ্যিক ঘরানায় ঝুঁকলেন?-এমন প্রশ্নে সাদেক বলেন, ‘আমি সবসময় গল্প নির্ভর ভালো ছবি নির্মাণ করেছি বা করতে চেয়েছি। কিন্তু আমাদের চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা তাতে ভাবলাম একটু বাণিজ্যিক বা অ্যাকশন ঘরানা না হলে ছবি চলবে না। কারণ এমনি তো আমাদের হল সংকট, তার ওপর করোনা। এমন ভাবনা থেকেই আসলে এ ধরনের ছবি নির্মাণ করা।’ 

ছবিটি সম্প্রতি সেন্সর পেলেও আপাতত মুক্তি দিতে চাইছেন না পরিচালক। বেশ বড় বাজেটের ছবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসছে ঈদে মুক্তির চিন্তা করছেন তিনি। তবে ছবিটি হলে মুক্তির পর টিভিসহ অন্যান্য মাধ্যমে মুক্তি দেওয়া হবে।