দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল :বরিশাল-ভোলা সড়কের বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারে বুধবার সকালে ট্রলির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক খান (৭০)। বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, আব্দুল মালেক খান বয়স্ক ভাতা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে ট্রলির ধাক্কায় নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) :শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছি কবরস্থানের পাশে বুধবার দুপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। নিহত হলেন অটোভ্যানের যাত্রী আমজাদ (৩৫)। তিনি উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনোহরগঞ্জ (কুমিল্লা) :মনোহরগঞ্জে বুধবার ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফখরুল ইসলাম (৩৫)। উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার সামনে বুধবার সকালে ট্রাকচাপায় এক জনের মৃত্যু হয়েছে। নীলফামারীর ডালিয়া থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক হাইওয়ের সামনে এসে ব্রেক করলে পেছনে থাকা তিনটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে থাকা ট্রাকের চালক সামনের ট্রাককে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই চালক আমিনুল ইসলাম (৪০) নিহত এবং হেলপার বাবু মিয়া আহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার ও আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
