সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যুর প্রতিবাদে দুইটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয়রা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া পৃথক স্থানে আরো তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ওসমানীনগর (সিলেট) : সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরগামী বেপরোয়া গতির একটি বাসচাপায় এক যুক্তরাজ্য প্রবাসী নিহত ও দুই পথচারী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মনি পরিবহনের বাসটি আটক করে উত্তর গোয়ালাবাজার এলাকায় নিয়ে বাসে অগ্নিসংযোগ করেন। এ সময় আরো একটি বাসের যাত্রীদের নামিয়ে বাসে আগুন দেওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে যান চলাচলের সুযোগ করে দেন। নিহত চাঁন মিয়া (৪০) ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরণসী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
সাভার (ঢাকা) : পিকআপ চাপায় রিপন কুমার ঘোষ (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন কুমার রাজশাহী জেলার চাঁরঘাট থানার চক গোচর গ্রামের অনিল চন্দ্র ঘোষের ছেলে।
সেনবাগ (নোয়াখালী) : সেনবাগে মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল বাশার (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল পৌরসভার উত্তর সাহাপুর গ্রামের তৈহিদা রহমান ভিলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবুল বাশার উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে দুইটি ট্রাকের সংঘর্ষে আমিনুল ইসলাম (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা সদরের মাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
