বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক। গতকাল বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও অপর দুই সদস্য হলেন—আবুল কাশেম খান ও হাবিবুল্লাহ এন করিম। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের পর অপর দুই সদস্য থাকছেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
আগামী ৪ এপ্রিল পোশাক শিল্প মালিকদের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেলে ভাগ হয়ে ৩৫ জন পরিচালক পদের বিপরীতে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু ইস্যু নিয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সম্মিলিত পরিষদের নেতাদের মতবিরোধ তৈরি হয়। ভোটার তালিকায় কোন প্যানেলের প্রার্থীদের নাম আগে থাকবে, তা নিয়ে মতবিরোধ আরো বেড়ে যায়। এরপরই গতকাল পদত্যাগ করলেন সৈয়দ ফরহাত আনোয়ার।
নির্বাচন পরিচালনা বোর্ডের এক জন সদস্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, চেয়ারম্যান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে শুনেছি। তবে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনায় তিনি থাকছেন কি না, এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
