আলোকচিত্র সাংবাদিকদের মাঠের লড়াইয়ের চিত্র নিয়ে রাজধানীতে শুরু হয়েছে প্রদর্শনী। গতকাল দৃক পিকচার লাইব্রেরির উদ্যোগে ‘কারারুদ্ধ চিরকুট ও অন্যান্য গল্প’ শীর্ষক ১০ দিনের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে উঠে এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকরা যে প্রতিকূলতার মধ্যে কাজ করছেন সেই অভিজ্ঞতার কথা। পাশাপাশি করোনাকালীন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সঙ্কট নিয়ে ছবির গল্প উপস্থাপন করা হয়েছে।
উদ্বোধনী পর্বের শুরুতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নির্যাতনের শিকার হয়ে কারাগারে মৃত লেখক মুশতাক আহমেদের সাহস ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এবং আল মামুন জীবন তাদের নিপীড়নের অভিজ্ঞতার কথা বলেন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সংগ্রামে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান।
প্রর্দশনীতে বাংলাদেশের বিভিন্ন জেলার র্সবমোট ১৩ জন আলোকচিত্রীর কাজ স্থান পেয়েছে। এগুলো হচ্ছে : সাবিনা ইয়াসমিনের ‘অন্তর্দ্বন্দ্ব’, জয়ীতা রায়ের ‘আলোর মানুষ’, ফারজানা আক্তারের ‘স্মৃতি’, সুজাউল ইসলাম সুজার ‘ত্রিশূল’, আবু জাফরের ‘কারারুদ্ধ চিরকুট’, মনন মুনতাকার ‘স্থবির সময়’, নাজমুল ইসলামের ‘ছাঁটাই সংবাদ’, রাহাত করিমের ‘অতল শূন্যতা’, নিপা মোনালিসার ‘অপরাজেয়’, মো. আল মামুন জীবনের ‘ফেরারি পথ’, আব্দুর রায়হান জুয়েলের ‘৩৪ বছর’, একজন পাহাড়ি সাংবাদিকের ‘জলপাই নজর’ এবং সৈয়দ মাহফুজা মিষ্টির ‘৫.০০টার সংবাদ’। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
পালা গানে ‘শেখ রাসেলের করুণ কাহিনি’
গতকাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘শেখ রাসেলের করুণ কাহিনি’ শিরোনামে পালাগানের আসর। নিজের রচনায় ইসলাম উদ্দিন পালাকার তুলে ধরেন ’৭৫-এর ১৫ আগস্টের ভয়াবহ ট্র্যাজেডির শোকগাঁথা। এই আয়োজনের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
