ছাত্রকে পিটুনি :হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৪২

হাটহাজারীতে মায়ের পিছু নেওয়া শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ ইয়াহিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে আল মারকাযুল  কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইয়াহিয়াকে গেফতার করা হয় বলে পুলিশ জানায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, ঐ শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও করা হচ্ছে ঐ শিশুর পরিবারের পক্ষ থেকে। মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে আসেন তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন চলে আসতে থাকে। তা দেখে শিক্ষক ইয়াহিয়া তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন।

শিশুটিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গভীর রাতে মাদ্রাসাটিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে ধরে আনেন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে অতিরিক্ত পুরিশ সুপার শাহাদাত হোসেন বলেছিলেন, ঐ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে জানতে চাওয়া হবে—কেন সে এ ঘটনা ঘটিয়েছে।