কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:৩১

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবারোও বন্যহাতির আক্রমণে বেড়াতে আসা অভিষেক পাল (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিষেক ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

অভিষেকের সঙ্গে বেড়াতে আসা একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, তারা ৬ জন বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করেন। সকাল ৯টার দিকে সড়কের মধ্যে ২টা হাতির মুখোমুখি হয় তারা। তার বন্ধু অভিষেক সিএনজি থেকে নেমে বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগে পথিমধ্যে সে মারা যায়।

নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে বলে জানা যায়।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধী নিহত হয়।

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যহাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে।

ইত্তেফাক/এমআর