নেতৃত্ব দেবেন ল্যাথাম

নিউজিল্যান্ড দলে তিন নতুন মুখ

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪৪

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখ—ডেভন কনওয়ে, ডেরল মিচেল ও উইল ইয়ং। আর কনুইয়ের চোটে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথামকে।

গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া কনওয়ে সম্প্রতি নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টুয়েন্টিতে অপরাজিত ৯৯ রান করে। আর ২০১৯ সালে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়ে নজর কেড়েছিলেন ইয়ংও; কিন্তু এরপরই কাঁধের অস্ত্রপচারের কারণে দীর্ঘদিনের জন্য ছিটকে যাওয়ায় আর একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি তার। দল ঘোষণাকালে নতুন অধিনায়ক ও এই নতুন মুখদের নিয়ে প্রধান নির্বাচক গ্যাভিন লারসন বলেন, ‘ডেভন, উইল ও ড্যারল—তিন জনই ভালো খেলোয়াড়। এবং এ মৌসুমে এখন পর্যন্ত তিন জনই দুর্দান্ত খেলছে। যে কারণে আমরা এই পর্যায়ে তাদের খেলাকে উন্নত করতে আরো সুযোগ দিচ্ছি। কেইনের মতো একজন ক্লাস খেলোয়ারকে হারানোটা সত্যিই দুঃখের; কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা টমের আছে এবং আমি জানি সে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিইসন, ড্যারল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল স্যান্তনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়ং।