প্রথম সারির এক ঝাঁক ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে এসে ওয়ানডেতে নাস্তানাবুদ হয়েছিল ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে দলের শীর্ষ ক্রিকেটাররা ফিরতেই ওয়ানডেতে জয়ের ধারায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। ফেরার ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করলেন শেই হোপ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এ জয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে প্রথম পয়েন্ট পেয়েছে উইন্ডিজরা। তিন ম্যাচ সিরিজেও এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। গত বুধবার রাতে আগে ব্যাট করা লঙ্কান ৪৯ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪৭ ওভারে ২ উইকেটে ২৩৬ রান করে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। ১১০ রান করে ম্যাচসেরা হন হোপ।
