ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের দাবি, বাকিংহাম প্রাসাদ বর্ণবাদী নয়। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী প্রিন্সেস মেগান মার্কেলের বিস্ফোরক সাক্ষাত্কারের পর এই প্রথম ব্রিটেনের রাজপরিবারের কোনো সদস্য প্রকাশ্যে তাদের দাবিকে নাচক করলেন। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথ হ্যারি ও মেগানের প্রতি রাজপরিবারের আচরণে দু:খ প্রকাশ করেছিলেন। খবর ডেইলি মেইলের
গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেন ডিউক অব কেম্ব্রিজ প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। এই সময় স্কাই নিউজের সাংবাদিক ইনজামাম রশিদ প্রিন্স উইলিয়ামকে প্রশ্ন করেন, রাজপরিবার কী বর্ণবাদী? জবাবে প্রিন্স উইলিয়াম বলেন, আমরা বর্ণবাদী নই। এরপর ছোট ভাই প্রিন্স হ্যারির সঙ্গে কথা বলেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে উইলিয়াম বলেন, সাক্ষাত্কারের পর তার সঙ্গে কথা হয়নি। তবে কথা বলবো। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল সম্প্রতি মার্কিন সিবিএস টেলিভিশনে অপরা উইফ্রের সঙ্গে দুই ঘন্টার সাক্ষাত্কারে রাজপরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। মেগান বলেছিলেন, বাকিংহাম প্রাসাদে তিনি এতোটা একাকী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে অন্ত:স্বত্ত্বা অবস্থায় আত্মহত্যা করতে চেয়েছিলেন। হ্যারি বলেছিলেন, তার ভাই এবং বাবা রাজপরিবারের ব্যবস্থার ফাঁদে আটকা পড়েছেন। এক প্রশ্নের জবাবে মেগান বলেন, রাজপরিবার আর প্রতিষ্ঠানটিকে (রাজতন্ত্র) যারা চালান, তারা সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। তিনি জানান, তার প্রতি রানির আচরণ সবসময়ই খুব চমত্কার।তবে অপরা যখন জানতে চান রাজপরিবারে নীরব থাকতেন, নাকি নীরব থাকতে বাধ্য করা হতো, সরাসরি জবাব না দিয়ে মেগান কেবল বলেন, দ্বিতীয়টি। হ্যারি মনে করেন, তার আর মেগানের প্রতি যে আচরণ করা হয়েছে তা দেখলে তার প্রয়াত মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা খুব রেগে যেতেন, ভীষণ দুঃখ পেতেন।
