নগরকান্দায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা বেগম উপজেলার চরযোশরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের দুবাই প্রবাসী মোস্তফা শেখের স্ত্রী। বুধবার রাতে স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মোল্যাকান্দী গ্রামের ইউনুস শেখের কন্যা ফাতেমা বেগম। ছয় বছরের এক পুত্রসন্তান রয়েছে তাদের। ফাতেমার বড় বোন লিপি বেগম জানান, বিয়ের পর থেকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তার বোনকে প্রায়ই মারধর করত। কয়েকদিন আগে থেকে একটি জমি ক্রয় করার জন্য তার বোনের কাছে ২ লাখ টাকা দাবি করে। গরিব কৃষক পিতা সে দাবি পূরণ করতে ও টাকাটা যোগাড় করতে কিছু দিন সময় চায়। তাই শ্বশুরবাড়ির লোকজন তার বোনকে নির্যাতন করে। এই ক্ষোভে তার বোন আত্মহত্যা করে।
মোস্তফা শেখের মা নাসিমা বেগম জানান, মোস্তফা বর্তমানে দুবাই আছে। বুধবার সন্ধ্যার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে সে আত্মত্যা করেছে তা তার জানা নেই।
