ফেনীতে বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৫৬

গত শুক্রবার শহরের এক আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ মেহেরুন নেছা ও মেয়ে হাফসা ইসলাম মারা গেছেন। হাফসা গতকাল বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে মেহেরুন নেছা রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। কিছুটা সুস্থ বড় মেয়ে মরিয়ম বর্তমানে রাজধানীতে খালার বাসায় রয়েছেন। হাফসা একাদশ শ্রেণির ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পরদিন তাদের প্রবাসী বাবা দেশে ফেরেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে।

শুক্রবার মধ্যরাতে শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়কের শফিক ম্যানশন নামক ভবনের পঞ্চম তলায় প্রচণ্ড এক বিস্ফোরণে  গৃহবধূ মেহেরুন নেছা ও তার দুই মেয়ে দগ্ধ হন। রান্নাঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।