মিশিগানের সঙ্গে রাজশাহীর মিল পেলেন মিলার

আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:১৬

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত মিশিগান শহরের সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী শহরের বেশ ‘মিল’ খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বৃহস্পতিবার রাজশাহী সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছেন।

এ দিন তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। দুপুর ১২টায় নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে তাদের সাক্ষাত্ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাত্ শেষে রাষ্ট্রদূত মিলার সাংবাদিকদের বলেন, মিশিগান শহরের সঙ্গে রাজশাহীর বেশ মিল রয়েছে। রাজশাহীর সঙ্গে অনেক পণ্য আমদানি-রপ্তানির সুযোগও আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দুই দেশের একটি যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাঠাচ্ছে। সে কারণে শিক্ষা আদান-প্রদানের ওপর অর্থাত্ কীভাবে আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে পারে এবং সেখানকার শিক্ষার্থী এখানে আসতে পারে সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সিস্টার সিরিজ প্রোগ্রামে আওতায় অনুষদ ও শিক্ষকদের পড়াশোনায় অতিরিক্ত বিনিয়োগ কীভাবে করা যায়, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে নগর ভবনে গেলে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।