জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনেক প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি অতিক্রম করে নারীরা আজকের অবস্থান নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে অনুকূল ক্ষেত্র সৃষ্টি করেছেন। আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে একথা বলেন।
স্পিকার বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে নারীশিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আইনি পরিবর্তন জরুরি। নারীর সুষ্ঠু কর্মপরিবেশ, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও শ্রমবাজারে তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষ সমান অধিকারের মৌলিক আইনি কাঠামো প্রণয়ন করে গেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি ও পাসপোর্টে সন্তানের মায়ের নাম অন্তর্ভুক্তিকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইউনিয়ন পর্যায়েও নারীরা যেন নির্বাচনে আসতে পারেন সেজন্য প্রয়োজনীয় আইনি কাঠামো শেখ হাসিনা প্রণয়ন করেছেন। চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
