৭৯ বার সময় পেয়েও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন

আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:২৮

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবারও সময় মঞ্জুর করেছে। এ নিয়ে এ স্পর্শকাতর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭৯ বার সময় মঞ্জুর করা হলো। একই সঙ্গে আগামী ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম দেবদাস রাজেশ চৌধুরী গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ঐ বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব)। সেই থেকে ৯ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত কর্মকর্তা।