বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং জাতীয় পণ্যে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। ভবিষ্যতে আরো উন্নয়নের সুযোগ রয়েছে। সেজন্য শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে গাজীপুরে একটি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ বছর আমরা লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ ঘোষণা করেছি। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যেই সরকারের প্রত্যাশা লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি আইটেমের উত্পাদন দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর শাখার উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মনির হোসেন নিজামী। প্রধান অতিথির বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩৫টি স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
