ফিলিস্তিনে ৪০ হাজার ডোজ রাশিয়ান ভ্যাকসিন পাঠালো আমিরাত

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৪:২৩

অবশেষে করোনার ভ্যাকসিন পৌঁছুল প্যালেস্টাইনে। ৪০ হাজার ডোজ  রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভ ফিলিস্তিনকে উপহার হিসেবে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে এ খবর। 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ ডাহলান এই উপহার পাঠানোর কৃতিত্ব দাবি করেছেন।  আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের সংসদীয় সংসদ নির্বাচনে “ফাতাহ সংস্কারপন্থী” বলে অভিহিত প্রার্থীদের একটি তালিকা করার পরিকল্পনা ঘোষণা করেছেন ডাহলান। এই চালানের সঙ্গে সঙ্গে প্যালেস্টাইনে রাশিয়ান ভ্যাকসিনের সংখ্যা ৬০ হাজারে পৌঁছালো।

ডাহলান বলেন, নতুন চালানের অর্ধেক ভ্যাকসিন পাঠানো হবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে। তবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ উপহার গ্রহণ করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। আবার পশ্চিম তীরে ভ্যাকসিন পাঠানোর অনুমতি ইসরায়েলি কর্তৃপক্ষ দেবে কিনা সেটাও নিশ্চিত না। অন্যদিকে, চীনে কর্মরত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ফরিদ মাহদাউই জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ৫০ হাজার ডোজ চীনা ভ্যাকসিন সিনোফার্ম পৌঁছাবে প্যালেস্টাইনে। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০ লাখ মানুষ বাস করে। এর মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার, মারা গেছেন ৫৬৪ জন।

ইত্তেফাক/এসএ