বরিশাল অফিস
বরিশালে চলার পথে রাস্তায় টাকার বান্ডেল কুড়িয়ে পেয়ে পুলিশের কাছে জমা দিয়েছে সজীব হাওলাদার (১৪) নামের দশম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে সে কুড়িয়ে পাওয়া দুই বান্ডেল টাকা নগরীর কাউনিয়া থানাপুলিশে জমা দেয়। কিশোর সজীব হাওলাদার নগরীর ভাটিখানা এলাকার অস্থায়ী বাসিন্দা সুবোধ হাওলাদারের ছেলে এবং স্থানীয় বাচ্চু মিয়ার ভাড়াটিয়া। সে নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর ভাটিটখানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসসংলগ্ন রাস্তায় দুই বান্ডেল টাকা কুড়িয়ে পায় সজীব। এরপর টাকাগুলো নিয়ে ঐ এলাকার এক দোকানির সঙ্গে আলাপ করে এর প্রকৃত মালিককে খুঁজে পেলে ফিরিয়ে দেওয়ার জন্য। তাত্ক্ষণিক প্রকৃত মালিক না পাওয়ায় কাউনিয়া থানায় টাকার বান্ডেল দুটি জমা দেয় সে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, টাকাগুলো পুলিশের হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে টাকা হস্তান্তর করা হবে।
