স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় শুক্রবার দুপুরে জাহাঙ্গীর প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পড়ে থাকা ব্যাগ থেকে কাফনের কাপড়, আতর ও সুরমা উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের দোড়াবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের একটি ফাঁকা স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি দোড়াবাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, জাহাঙ্গীর বৃহস্পতিবার সকালে তার ছোট ভাইয়ের কাছে কোনো কারণ ছাড়াই ক্ষমা চেয়ে নেন। এরপর বিকালে তার স্ত্রীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। টাকা দিয়ে জাহাঙ্গীর কাফনের কাপড়, আতর, সুরমাসহ লাশ দাফনের জন্য যা কিছু প্রয়োজন সব কিনে ব্যাগেই রেখেছিলেন। ঐ ব্যাগ নিয়েই বাড়ি থেকে বের হন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি জাহাঙ্গীর বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
