এবার মাটি খুঁড়ে ইয়াবা ভর্তি ড্রাম উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে অব্যাহত ‘বন্দুকযুদ্ধে’র মধ্যেই পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। এর মধ্যে গতকাল মাটি খুঁড়ে ড্রামভর্তি প্রায় ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

জানা  গেছে, শুক্রবার ভোর ৫টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার গোপন সংবাদে একটি বিশেষ টহলদল নিয়ে উত্তর জালিয়াপাড়ায় এক পরিত্যক্ত বাড়িতে যান। পরে সেখানে মাটি খুঁড়ে ইয়াবা ভর্তি একটি ড্রাম বের করে আনা হয়। ড্রামে ৩ কোটি ৯০ লাখ টাকার ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

এর আগে রাত ৮টায় নাজিরপাড়া বিওপি আলমের প্রজেক্ট সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সাপের বাক্স থেকে ৫ হাজার

ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম অফিস ও পটিয়া সংবাদদাতা জানান, সাপুড়ে ছদ্মবেশে সাপ রাখার বাক্সে ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে মো. আবুল হোসেন (৩৭) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। এ সময়  তার সাপের বাক্স থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার পিস ইয়াবা। গতকাল শুক্রবার সকালে কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেফতার হন আবুল হোসেন। তিনি ঢাকা সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার পুত্র।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ আলমগীর মাহমুদ জানান, সাপ রাখার বাক্সে ৫ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেন ধরা পড়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে সে সাপুড়ে সেজেছিল। গতকাল সকাল ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড়ে মো. আবুল হোসেন পুলিশের হাতে ধরা পড়ে। আবুল হোসেনকে আটকের পর বাক্সে সাপের চামড়া, তন্ত্র-মন্ত্রের হাড়,  তেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। সে নিজেকে সাপুড়ে দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে থাকে। একপর্যায়ে সাপের বাক্সের তলা কেটে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।