স্পোর্টস রিপোর্টার
মোহামেডানের ফুটবলার ইউসুফ সিফাতকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে বাফুফে। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে নোটিশ পাঠানো হয়েছে সেই সঙ্গে ১৬ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইউসুফ সিফাতের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে মোহামেডান চিঠি দিয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাফুফে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন জাবের বিন আনসারি। জানা গেছে, ইউসুফ সিফাত মোহামেডানের কাছ থেকে তার চিকিত্সা খরচ ১ লাখ টাকা নিয়েছে। সঙ্গে নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতনও অগ্রিম গ্রহণ করেছে। এর পর থেকেই মোহামেডান ইউসুফ সিফাতকে খুঁজে পাচ্ছে না। ফোনে যোগাযোগ করে সাড়া পায়নি। এমনকি দুই বার এই ফুটবলারকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছিল। তারও কোনো জবাব পায়নি মোহামেডান। ইউসুফ সিফাতের সাড়া না পেয়ে মোহামেডান বাফুফের দারস্থ হয়েছে। বাফুফে মোহামেডানের কাগজপত্র পর্যালোচনা করে ইউসুফ সিফাতকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে বলে বাফুফে জানায়।
