সু চির ঘুষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান তার আইনজীবীর

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩৩

রয়টার্স

মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী ক্ষমতায় থাকাকালে সোনাসহ ৬ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন বলে দেশটির জান্তা সরকার যে অভিযোগ এনেছে, তা প্রত্যাখ্যান করেছেন অং সান সু চির এক আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সু চির আইনজীবী খিন মং জ বলেছেন, ‘এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক। তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই।’ বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা জানান। ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এই নেত্রীকে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনা ভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এর সঙ্গে দুর্নীতির অভিযোগ যুক্ত করলে সু চির বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি ভয়াবহ টালমাটাল সময় পার করছে। নেপিডো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ দেশটির অনেক শহরে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়মিতই কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়তে হচ্ছে। বৃহস্পতিবারও দেশটিতে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানানোর পরপরই এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

দমনপীড়নে ভীত না হয়ে শুক্রবার রাতে মিয়ানমার জুড়ে সামরিক অভ্যুত্থানবিরোধী কর্মসূচি ও ধর্মঘট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদেরকে প্রায়ই রাত্রিকালীন কারফিউ অগ্রাহ্য করে আলোক প্রজ্বলন কর্মসূচি করতে দেখা গেছে।