শিল্পাঙ্গনে প্রদর্শনী ‘মন পবনের নাও’

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

কাগজে জলরঙে আঁকা ছোট ও মাঝারি আকৃতির মনোহর কিছু চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘মন পবনের নাও’। তরুণ চিত্রশিল্পী আল আখির সরকারের এটি একক চিত্র প্রদর্শনী। ১৫ দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪৭টি চিত্রকর্ম।

গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ায় সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকাস্থ অলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ডিংনটিংগার। বিশেষ অতিথি ছিলেন, স্থপতি শিল্পী মুস্তাফা খালিদ পলাশ ও সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রুমি নোমান।

শিল্পাঙ্গনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর প্রতিষ্ঠাবাষিকীতে শিল্পাঙ্গনের পক্ষ থেকে একজন নবীন শিল্পীকে দেশের চিত্র ভুবনে তুলে ধরা হয়। আল আখির গত পাঁচ বছর ধরে তার কর্মের মাধ্যমে বিভিন্ন গ্যালারি ও শিল্পবান্ধবদের দৃষ্টি কেড়েছেন। অংশ নিয়েছেন দেশের বেশকিছু দলগত প্রদর্শনীতে। দেশের বাইরেও কয়েকটি গ্যালারি তার ছবি সংগ্রহ করেছে। ১৯৯২ সালে উদ্যোক্তা পরিচালক ফয়েজ আহমেদের হাত ধরে দেশের প্রথম ব্যক্তিমালিকনাধীন গ্যালারির যাত্রা শুরু হয়েছিল শিল্পাঙ্গনের। এ যাবত্ শিল্পাঙ্গনে দেশি-বিদেশি প্রায় পাঁচ শতাধিক চিত্রপ্রদর্শনী  হয়েছে। প্রদর্শনী চলবে ২৫শে মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।