আশুলিয়ায় র্যাবের হাতে চার ছিনতাইকারী আটক

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৪। বৃহস্পতিবার রাতে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহূত একটি চাকু, ছিনতাইকৃত মোবাইল ফোনসেট ও ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো—রংপুরের মাজেদ হোসেন, টাঙ্গাইলের জাবেদ, বগুড়ার মাসুম মণ্ডল ও গোপালগঞ্জের জিয়া।

র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা সাধারণ মানুষের কাছে ছিনতাইকৃত মোবাইল ফোনসেট বিক্রির জন্য জমায়েত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।