রংপুর নগরীর প্রেসক্লাবের সামনের সড়কের ওপরে প্রকাশ্যে দল বেঁধে এক যুবককে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার শিকার যুবকের নাম ফরহাদ (২৮)। বৃহস্পতিবার বিকালে হামলার শিকার হন ঐ যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমের হামলাকারীদের ছবি দেখে তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন নগরীর জাহাজ কোম্পানি এলাকার আব্দুল আলীম মিয়ার ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিত্সক ডা. শান্ত জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে এক মেয়েকে সঙ্গে নিয়ে ফিরছিলেন ফরহাদ। পথে প্রেসক্লাবের পাশে এক ছাপাখানার দুই কর্মচারী মেয়েটিকে উত্ত্যক্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে ফরহাদ প্রেসক্লাব মার্কেটের কাছে আসলে ৮/১০ জন যুবক লাঠি, লোহার রড, পাইপ, ছুরি নিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। এ ঘটনা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ঘটলেও কেউই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সন্ধ্যার পর ফরহাদের ওপর হামলার ছবি ফেসবুকে ভাইরাল হলে নগরী জুড়ে তোলপাড় শুরু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, যুবকের ওপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
