সিংহের বন্ধ্যাকরণ

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৩৩

নেদারল্যান্ডসের একটি চিড়িয়াখানায় এক সিংহের বন্ধ্যাকরণ (ভ্যাসেকটমি) করা হয়েছে। ঐ সিংহের ঔরসে গত বছর একটি সিংহী দুটি এবং আরেকটি সিংহী তিনটি শাবকের জন্ম দেয়। বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আর্নহেম শহরের রয়্যাল বার্গাস চিড়িয়াখানার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে থর নামের ১১ বছরের সিংহটির বন্ধ্যাকরণ করা হয়। চিড়িয়াখানার প্রধান পশুচিকিত্সক হেংক লুটেন বলেন, চিড়িয়াখানায় থরের প্রজাতির পর্যাপ্ত সিংহ থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এই প্রজাতির সিংহের সংখ্যা আর বাড়াতে চাই না। তিনি বলেন, সিংহের বন্ধ্যাকরণ খুব বেশি করা হয় না। ঐ চিড়িয়াখানায় গত ৩৫ বছরে এই প্রথম বার এমন অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে থরের প্রজননক্ষমতা একেবারে নষ্ট না করে বন্ধ্যাকরণ করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য অনুযায়ী গত ২০ বছরে বিশ্বে সিংহের সংখ্যা ৩০ থেকে ৫০ শতাংশ কমেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তালিকায় সিংহ প্রাণী হিসেবে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।