শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখনো পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩০ মার্চ খোলার কথা, আর বিশ্ববিদ্যালয় খোলার কথা ২৪ মে এবং হলগুলো খোলার কথা রয়েছে ১৭ মে থেকে। গত এক বছরে যে পর্যবেক্ষণ করেছি, আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকসহ সকলের স্বাস্থ্য ঝুঁকি, সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। কাজেই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
গতকাল সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে, এমন কথা বলেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে, ভালোভাবে জেনে-শুনে নিউজ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরো কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। কিন্তু বর্তমানে সেখান থেকে শনাক্তের হার ঊর্ধ্বমুখী আছে।
