পথচলার ২৫ বছর পূর্ণ করল পাক্ষিক ‘অন্যদিন’। অন্যদিন-এর রজতজয়ন্তী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক প্রীতি সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা।
এই আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন অন্যদিন-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে স্বনামধন্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে বরণ করে নেন ‘অন্যদিন’ সম্পাদক। স্বাগত বক্তব্য দেন ‘অন্যদিন’ সম্পাদক মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সহযোগী এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ এবং অন্যদিন-এর অনলাইন ভার্সনের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ইবিএস-এর পরিচালক এনামুল হক।
অনুষ্ঠানটির সূচনা হয় পূজা সেনগুপ্ত এবং তার দলের নৃত্য পরিবেশনার মাধ্যমে। প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় অন্যদিন-এর ২৫ বছরের পথচলা। আয়োজনে অন্যদিন-এর সহযোগী প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রকাশিতব্য গ্রন্থ ‘আমার বিপুলা পৃথিবী’র প্রচ্ছদের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক সিদ্দিকা জামান। প্রীতিসম্মিলনীতে ‘সমৃদ্ধির বাংলাদেশ’ এবং ‘সম্ভাবনার বাংলাদেশ’ শিরোনামে নানা ক্ষেত্রের প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিশীল ১৩ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
