করোনার টিকা উত্পাদিত হবে ভারতে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:২৮
  • কোয়াড বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সহায়তার অঙ্গীকার
  • আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে : মোদিকে বাইডেন

ইত্তেফাক ডেস্ক

ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য করোনা ভাইরাসের টিকা উত্পাদন করবে ভারত। এতে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এবং জাপান। আর কৌশলগত সহায়তা দেবে অস্ট্রেলিয়া। গতকাল শুক্রবার কোয়াডভুক্ত চার দেশের নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে। খবর এনডিটিভির

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল সন্ধ্যায় প্রথমবারের জন্য অনলাইন বৈঠকে বসে কোয়াড। এতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগাও অংশ নেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, কোয়াডভুক্ত চার দেশ গণতান্ত্রিক মূল্যবোধে ঐক্যবদ্ধ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই গ্রুপ স্থিতিশীলতার অন্যতম খুঁটি। তিনি ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন এবং আধুনিক প্রযুুক্তিতে চার দেশ ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন। এই গ্রুপ বিশ্বের মঙ্গলের জন্য কাজ করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী মোদি। আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী মোদি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কোয়াড খুবই গুরুত্বপূর্ণ ও সহযোগিতার ক্ষেত্র। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র সবার সঙ্গে কাজ করবে বলে জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে’। ক্ষমতায় আসার পর এই প্রথম বিশ্ব নেতাদের সঙ্গে এই ধরনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন প্রেসিডেন্ট বাইডেন। ‘অবাধ ও মুক্ত ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ গঠনের ডাক দিয়ে ২০১৬ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে প্রথম কোয়াডের ধারণা দিয়েছিলেন এবং পরে যুক্তরাষ্ট্র এগিয়ে আসায় সেটি দ্রুতই একটি সক্রিয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত চীনের সামরিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে মোকাবিলায় এই জোট গঠন করা হয়। এদিকে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বাইডেন ক্ষমতায় আসার পর এটাই হবে যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নেতার সফর।