বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যুবলীগের চিঠি লেখার আহ্বান

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:৪৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখা প্রতিযোগিতার আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গতকাল শুক্রবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বার্তায় এ আহ্বান জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চিঠির মধ্য থেকে বাছাই করা ১০০টি চিঠি নিয়ে যুবলীগের পক্ষ থেকে প্রকাশ করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি সংকলন গ্রন্থ। এছাড়া সারা দেশ থেকে আসা সব চিঠি নিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ-এ আয়োজন করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি প্রদর্শনী। বার্তায় আরো বলা হয়, বঙ্গবন্ধু-সম্পর্কিত ভাবনা, ভালোবাসা, আবেগের কথা নিয়ে লিখতে হবে চিঠি। চিঠি লেখার কার্যক্রমে যেকোনো বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। হাতে লেখা চিঠিটি হবে অনূর্ধ্ব ১৫০ শব্দের। চিঠি পাঠানোর শেষ সময় আগামী ২০ মার্চ। চিঠি পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। এছাড়াও, চিঠির ছবি তুলে স্ক্যান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মেইল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। মেইল অ্যাড্রেস: [email protected].