‘নানা কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও অসংক্রামক ব্যাধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এ অসংক্রামক ব্যাধি থেকে মুক্ত হতে, সুস্থ সবল জাতি গঠনে ফিজিওথেরাপি চিকিত্সা পদ্ধতি অগ্রণী ভূমিকা পালন করছে।’ বৃহস্পতিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোঃ বখতিয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণবিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাসিমা ইয়াসমিন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ফিরোজ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মামুনসহ সিনিয়র ফিজিওথেরাপিস্টগণ।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পুরাতনদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
