গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে এক মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা আক্তার (৪২) তিলশুনিয়া দক্ষিণ ফরাজী পাড়া এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সাবিনা তার স্বামীর বাড়ি কালিগঞ্জ উপজেলার বাহাদুরশাদী গ্রাম থেকে গত রবিবার তিলশুনিয়া গ্রামে তার অসুস্থ বাবাকে দেখতে আসেন। তিনি তার ভাই আফাজ উদ্দিনের বাড়িতে থাকতেন।
গত বুধবার বিকালে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে তার বাবার বাড়ির পাশে লোকজন বস্তায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠায়। নিহতের ছেলে ফরিদ শেখ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সাবিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের পা বাঁধা ছিল এবং বস্তাবন্দী করে লাশ গুম করার চেষ্টা হয়েছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো নিহত সাবিনার ভাই আফাজ উদ্দিন (৬৫), গিয়াস উদ্দিন (৬২), আফাজ উদ্দিনের স্ত্রী নাজমা বেগম (৫০) ও তার ছেলে ইব্রাহীম (২৫), প্রতিবেশি ডা. আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৪০), জেসমিন বেগম (২৫) এবং হাছনা বানু (৩০)।
