এই সময়ের ছড়া

কাণ্ড

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৯:৩৫

 

দেশে দেশে আজ করোনার ভয়

তারও চেয়ে ভয় সরিষায়

কারণ সরিষা ভূতের আকর

ধুতে পারে কোন বরিষায়!

 

আমরা দেখেছি বালিশকাণ্ড

ভাণ্ডটা ভরে কোথাকার

বৃক্ষকাণ্ড আরো ভয়াবহ

চোখ দুটো থাকে ভোঁতা কার?

 

দশটি বিদ্যালয়ের নামেই

ছয় শত কোটি তসরুপ

প্রকল্প পরিচালক এবার

দেখাল কেমন ফোঁস-রূপ!

 

দু হাজার বিশে প্রকল্প শেষ

করার কথাটা থাকলেও

এখনো হয়নি শুরু সেই কাজ

সারা গায়ে তেল মাখলেও।

 

পনেরোটি ছোট কড়ই গাছের

দাম ছয় কোটি করা হয়

নারিকেল গাছ তেরো কোটি টাকা

বিশটির দাম ধরা হয়।

 

বেড়া ছাড়া দুটি টিনের ছাপড়া

মাত্র ছ কোটি নির্ধারণ

তালাশ টিমের প্রশ্নে বাবাজি

ভাবটা দেখান—পীর ধারণ।

 

তাঁর তেরো তলা বাড়ির মূল্য

আট লাখ বলে খালাস চান

তদন্তে আছে সফেদ দুদক

সঠিক বিচার ‘তালাশ’ চান।