‘বেস্ট ফ্রেন্ড’-এর মন রক্ষায়!

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:৩১

 বিনোদন ডেস্ক

 

এরইমধ্যে ক্যারিয়ারে ‘কুলি নম্বর ওয়ান’, ‘লাভ আজকাল’-এর মতো ব্যবসাসফল সিনেমা যোগ করে বলিউডের নিজের অবস্থান জানান দিয়েছেন নবাব কন্যা সারা আলী খান। বর্তমানে নিজের নতুন সিনেমা ‘আতরঙ্গি রে’ নিয়ে বেশ ব্যস্ততা চলছে তার। ভূষণ কুমার প্রযোজিত ও আনন্দ এল রায় পরিচালিত এই সিনেমাটি আগামী ৬ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটিতে তিনি অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ক’দিন আগেই আগ্রাতে শুটিং হয় সিনেমাটির। আর সেই সিনেমার বেশকিছু ছবি প্রকাশ্যে আসতেই তা প্রশংসিত হয় সিনেবোদ্ধাদের কাছে। বলা চলে, সাইফ আলী খানের কন্যা হওয়ায় দর্শকের আগ্রহের কেন্দ্র রয়েছেন সারা। তাই তার নতুন সিনেমা ও ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। দর্শকদের সেই প্রত্যাশার জোগান দিতে সারাও নিয়মিত যুক্ত থাকেন স্যোশাল মিডিয়ায়। নিয়মিত পোস্ট করেন তার কাজসহ ব্যক্তিজীবনের নানা খবর। এবার এমনই আরো একটি খবরে শিরোনামে এলেন তিনি। সম্প্রতি গভীর রাতে নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য ‘মিল্কশেক’ তৈরি করলেন তিনি। আর মিল্কশেক তৈরির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সারা লেখেন ,‘আমি রাত ২টার মিল্কশেক মেকার।’ এই পোস্টটিতে তার বন্ধু অরহান কমেন্ট করেন, ‘আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ বন্ধু।’ বন্ধুর প্রতি এমন ভালোবাসায় রীতিমতো বেশ প্রশংসার জোয়ারে ভাসছেন সারা। তবে অনেকেই বিষয়টি নিয়ে ভিন্ন সমালোচনাও করছেন। কেননা, এর আগে বেস্ট ফ্রেন্ড থেকে পরিণয়ে গড়িয়েছে অনেক তারকার সম্পর্ক!