ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে অভিযান চালিয়ে ধরতে গেলে ধারালো ছোরা দিয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায় সে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রুবেলের হামলায় এএসআই জামশেদ ও এএসআই শফিক আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে বিশেষ অভিযানের অংশ হিসেবে আটক করতে গেলে সে পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সে আহত হয়।
