প্রাইভেট কার থেকে ফেনসিডিল উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় গতকাল সন্ধ্যায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম শারমিন আক্তার সুমি।

র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বলেন, উত্তরাঞ্চল থেকে একটি ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চেকপোস্টের খানিকটা দূরেই গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমিকে আটক করা হয়। পরে তার প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে সুমির সহযোগী গাড়িচালক আনোয়ার পালিয়ে যায়। সুমির বিরুদ্ধে মিরপুর এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। দুই মাস আগেও ৪শ বোতল ফেনসিডিলসহ সুমিকে গ্রেফতার করেছিল র্যাব-৪। জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।