ভুট্টাখেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৫

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে ভুট্টাখেত থেকে শনিবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, শুক্রবার রাতে ঐ ব্যক্তি মদ্যপ অবস্থায় সীমান্তবর্তী চেঁচড়া মোড়ে ঘোরাফেরা করছিল। রাতে আটাপাড়া রেলগেটেও তাকে দেখা গেছে। শনিবার সকালে স্থানীয় লোকজন হিলি-পাঁচবিবি সড়কের রাস্তার দক্ষিণ পাশের (আটাপাড়া রেলগেটের পূর্বে) ভুট্টাখেতে লাশ দেখে পুলিশে খবর দেয়। সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইস্তিয়াক আলম জানান, ঐ ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।