শাটডাউনে যুক্তরাষ্ট্রে ফ্লাইটে বিলম্ব

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:৪৪

যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে বিমান পরিবহনে বিঘ্ন ঘটছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ফিলাডেলফিয়ার বিমানবন্দরে ফ্লাইটে বিলম্ব ঘটছে। বেতন-ভাতা বন্ধ থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী কাজে না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে অচলাবস্থা নিরসনে সিনেটে দুই দলের আনা দুটি বিলই প্রত্যাখাত হয়েছে। খবর সিএনএন’র

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান সংস্থা জানিয়েছে, নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এবং ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটে অন্তত ৪১ মিনিট বিলম্ব ঘটে। ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ত্রিশ গিলবার্ট জানিয়েছেন, শাটডাউনের সরাসরি প্রভাব পড়ছে বিমান সংস্থায়। অনেক কর্মীই এখন কাজে আসছেন না।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আনা দুটি বিলই প্রত্যাখাত হওয়ায় হোয়াইট হাউস জরুরি অবস্থা জারির আদেশের খসড়া তৈরি করেছে। এতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সাতশ’ কোটি ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। যদিও ট্রাম্প ৫৭০ কোটি ডলার দাবি করেছিলেন। সিনেটে ১০০ আসন রয়েছে। এর মধ্যে রিপাবলিকানদের প্রস্তাবের পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৭ ভোট পড়ে। আর ডেমোক্র্যাটদের প্রস্তাবকে সমর্থন করে ৫২ জন এবং বিপক্ষে অবস্থান নেন ৪৪ সিনেটর। সিনেটে কোনো বিল পাস হতে ৬০ ভোট দরকার। ৬ জন রিপাবলিকান ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিও রয়েছেন। আর একজন রক্ষণশীল ডেমোক্র্যাট রিপাবলিকানদের প্রস্তাবের পক্ষে ভোট দেন।