সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের বন্দরে এক প্রবাসীর স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেও পুলিশের সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ ভুক্তভোগীর। যে কারণে শিশুসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় এবং আতঙ্কে জীবন যাপন করছেন তিনি।
তাই প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ এলাকার সৌদিপ্রবাসী তরিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম টুম্মা। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামীর বড় বোন মাকসুদা বেগম ও নিজের সাত বছর বয়সের শিশু সন্তান তুহিন। মুক্তা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন যাবত্ সৌদিআরবে থাকেন এবং প্রতি বছর ছুটি নিয়ে বাড়িতে আসেন। মহামারি করোনা ভাইরাস ও লকডাউনের কারণে গত এক বছর যাবত্ তিনি দেশে আসতে পারছেন না। এ সুযোগে কয়েক মাস আগে এলাকার জনৈক আসলাম সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় তার মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে নেন।
পরে এ ব্যাপারে তিনি থানায় মামলা করলে মালিকানার বৈধ দলিলের ভিত্তিতে পুলিশ প্রশাসনের মাধ্যমে তিনি তার জমিটি ফেরত পান। এ ঘটনার পর থেকে মামলা তুলে নিতে আসলাম ও সন্ত্রাসী বাহিনী তাকে নানাভাবে হুমকিসহ সামাজিকভাবে হেনস্তা করে আসছেন।
